ইয়োবের উত্তর
1তখন ইয়োব উত্তর দিলেন:
2“আমি যা বলি অনুগ্রহ করে শোন,
আমাকে সান্ত্বনা দিতে এটাই হোক্ তোমার পথ|
3আমার সম্পর্কে ধৈর্য্য ধর এবং আমাকে কথা বলতে দাও|
আমার বলা শেষ হলে, তোমরা আমায় নিয়ে মজা করতে পারো|
4“আমি লোকের নামে অভিযোগ করছি না|
আমার অসহিষ্ণুতার যথেষ্ট কারণ আছে|
5আমার দিকে দেখ এবং আতঙ্কিত হও|
তোমার হাত তোমার মুখের ওপরে রাখ এবং বিস্ময়ের সঙ্গে তাকিয়ে দেখ|
6আমি যখন ভাবি আমার প্রতি কি ঘটেছে,
আমি তখন ভয় পাই, আমার শরীর কাঁপতে থাকে!
7কেন দুষ্ট লোকরা দীর্ঘ জীবন বাঁচে?
কেন তারা বৃদ্ধ হয় ও সফল হয়?
8দুষ্ট লোকরা তাদের সন্তানদের দেখে, তাদের সঙ্গে বড় হতে দেখে|
দুষ্ট লোকরা তাদের নাতিদের দেখার জন্যও বেঁচে থাকে|
9ওদের ঘরবাড়ী নিরাপদে থাকে এবং ওরাও নিঃশঙ্ক থাকে|
ওদের শাস্তি দেওয়ার জন্য ঈশ্বর একটি লাঠিও ব্যবহার করেন না|
10তাদের বলদগুলো সঙ্গম করতে কখনো অপারগ নয়|
তাদের গাভীগুলোর বাছুর হয় এবং জন্মের সময়ে বাছুরগুলো মরে যায় না|
11দুষ্ট লোকরা তাদের সন্তানদের, মেষশাবকের মত খেলা করতে পাঠায়|
তাদের সন্তানরা নাচ করতে থাকে|
12তারা খঞ্জর, বীণা এবং বাঁশির সঙ্গে নাচ করে|
13মন্দ লোকরা জীবৎকালেই তাদের সাফল্য ভোগ করে|
তারপর তারা মারা যায় এবং দুর্ভোগ না ভুগে কবরে চলে যায়|
14কিন্তু মন্দ লোকরা ঈশ্বরকে বলে, ‘আমাদের একা ছেড়ে দাও!
তুমি আমাদের দিয়ে কি করাতে চাও, সে বিষয়ে আমরা পরোয়া করি না!’
15মন্দ লোকরা আরও বলে, ‘কে সর্বশক্তিমান ঈশ্বর?
আমাদের তাকে সেবা করার দরকার নেই!
তার কাছে প্রার্থনা করেই বা কি লাভ?’
16“একথা সত্য যে দুষ্ট লোকরা তাদের ভবিষ্যৎ স্থির করতে পারে না|
আমি ওদের মতামত গ্রহণ করি না|
17কিন্তু কতবার মন্দ লোকদের আলো নিভে যায়?
কতবার মন্দ লোকদের ওপর দুর্গতি ঘনিয়ে আসে?
কতবার ঈশ্বর ক্রুদ্ধ হয়ে ওদের শাস্তি দেবেন?
18কত বার তারা খড়কুটোর মতো উড়ে যায়
কিংবা ঝোড়ো বাতাসের মুখে তুষের মত উড়ে যায়?
19কিন্তু তুমি বলছো, ‘পিতার পাপের জন্য ঈশ্বর তার সন্তানকে শাস্তি দেন|’
না! ঈশ্বরের উচিৎ পাপীদের শাস্তি দেওয়া|
তখনই মন্দ লোক বুঝতে পারবে তার নিজের পাপের জন্যই তাকে শাস্তি দেওয়া হল!
20পাপীকে তার নিজের পতন দেখতে দাও|
তাকে সর্বশক্তিমান ঈশ্বরের ক্রোধ অনুভব করতে দাও|
21একজন মন্দ লোকের জীবন যখন শেষ হয়ে যায়,
এবং সে যখন মারা যায়, তখন সে ফেলে যাওয়া সংসারের কথা চিন্তাও করে না|
22“কেউই ঈশ্বরকে জ্ঞানের শিক্ষা দিতে পারে না|
ঈশ্বর গুরুত্বপূর্ণ লোকদেরও বিচার করেন|
23একজন লোক পরিপূর্ণ এবং সফল জীবন অতিবাহিত করে মারা যায়|
সে সম্পূর্ণ আরাম ও নিরাপত্তার জীবন কাটিয়ে ছিল|
24তার দেহ সুপুষ্ট ছিলো
এবং তার হাড়গুলো তখনও শক্ত ছিলো|
25কিন্তু অন্য একজনও কঠোর জীবন সংগ্রামের পর দুঃখী হৃদয় নিয়ে মারা গেল|
সে কোন দিনই ভালো কিছু উপভোগ করতে পারে নি|
26শেষ কালে, ওই দুই জন লোকই এক সঙ্গে ধূলিতে শুয়ে থাকবে,
উভয়ের দেহই পোকাতে ছেয়ে যাবে|
27“কিন্তু আমি জানি তুমি কি চিন্তা করছো,
এবং আমি জানি তুমি আমাকে আঘাত করতে চাইছো|
28তুমি হয়তো বলতে পারো: ‘আমাকে রাজপুত্রের সুন্দর ঘড়বাড়ী দেখাও|
এখন দেখাও, কোথায় দুষ্ট লোকরা বাস করে|’
29“সত্যই তুমি ভ্রমণকারীর সঙ্গে কথা বলেছো|
নিশ্চিত ভাবে তুমি তাদের গল্পকেই গ্রহণ করবে|
30দুর্গতি যখন আসে, তখন মন্দ লোকরা বিপদ থেকে বেঁচে যায়|
ঈশ্বর যখন তাঁর ক্রোধ প্রদর্শন করেন, তারা তখন বেঁচে যায়|
31মন্দ লোকের মন্দ কাজের জন্য কেউই তার মুখের ওপর সমালোচনা করে না|
তার মন্দ কাজের জন্য কেউই তাকে শাস্তি দেয় না|
32যখন দুষ্ট ব্যক্তিকে কবরে বয়ে নিয়ে যাওয়া হয়,
তার কবরের কাছে একজন রক্ষী দাঁড়িয়ে থাকে|
33সেই মন্দ লোকের জন্য কবরের মাটিও রমনীয় হয়ে ওঠে|
এবং তার শবযাত্রায় হাজার হাজার লোক অংশ নেয়|
34“তাই, তোমার শূন্যগর্ভ কথা দিয়ে তুমি আমাকে সান্ত্বনা দিতে পারবে না|
তোমার উত্তর কোন কাজেই আসবে না!”