যন্ত্রণার অর্থ
1আমি সেই মানুষ যে অনেক দুঃখ কষ্ট দেখেছে|
আমি তাকে দেখেছি
যে আমাদের লাঠি দিয়ে মেরেছিল!
2প্রভু আমাকে আলোয় নয়
অন্ধকারে নিয়ে এলেন|
3প্রভু আমাকে সারা দিন ধরে তাঁর হাত দিয়ে মারধোর করেছেন|
তিনি আমাকে বারবার মারলেন|
4তিনি আমার চামড়া ও মাংস ছিঁড়ে ফেললেন|
তিনি হাড়গোড় ভেঙ্গে দিলেন|
5প্রভু আমার বিরুদ্ধে তিক্ততা ও সমস্যার পাহাড় তৈরী করলেন|
তিনি আমার চারি দিকে তিক্ততার সমস্যাকে আনলেন|
6যারা দীর্ঘসময় থেকে মৃত তাদের মতো
তিনি আমাকে অন্ধকারে বসিয়ে রাখলেন|
7তিনি আমাকে অবরুদ্ধ করে রাখলেন|
তাই আমি বেরোতে পারলাম না, ভারী চেন দিয়ে তিনি আমাকে বেঁধে রাখলেন|
8এমনকি যখন আমি সাহায্যের জন্য চিৎকার করে কাঁদলাম
প্রভু আমার সেই প্রার্থনায় কর্ণপাত করেন নি|
9তিনি ভাঙ্গা পাথর দিয়ে আমার বেরোনোর পথ বন্ধ করে দিয়েছেন|
তিনি ঐ পথকে আঁকাবাঁকা করে দিয়েছেন|
10প্রভু যেন আমাকে আক্রমণ করতে উদ্যত এক ভাল্লুক|
তিনি যেন গুহায় লুকিয়ে থাকা এক সিংহ|
11প্রভু আমাকে আমার পথের বাইরে চালনা করলেন|
তিনি আমাকে খণ্ড খণ্ড করে ছিঁড়ে ধ্বংস করলেন|
12তিনি তাঁর ধনুক প্রস্তুত করে রাখলেন|
আমি তাঁর তীরের লক্ষ্য বস্তু হলাম|
13আমার পাকস্থলীতে তিনি আঘাত করলেন|
তিনি তাঁর তূনীর থেকে একটি তীর ব্যবহার করে আমাকে বিদ্ধ করলেন|
14লোকের কাছে আজ আমি উপহাসের পাত্র|
সারাদিন ধরে আমার সম্পর্কে গান গেয়ে গেয়ে তারা আমায় উপহাস করে|
15এই বিষ (শাস্তি) প্রভুই আমায় পান করতে দিয়েছেন|
তিনি এই তিক্ত পানীয় দিয়ে আমায় পূর্ণ করেছেন|
16তিনি আমায় কাঁকর খেতে বাধ্য করলেন|
তিনি আমায় নোংরায় ফেলে দিলেন|
17আমি ভাবলাম আর কখনও শান্তি পাবো না|
সমস্ত ভালো জিনিসের ভাবনা ভুললাম|
18নিজে নিজে বললাম,
“প্রভুর সাহায্যের প্রত্যাশা আর নেই|”
19আমার যন্ত্রণা এবং আমার উদ্দেশ্যহীন ভাবে
ঘুরে বেড়ানো মনে রাখবেন|
যে শাস্তি আপনি আমায় দিয়েছিলেন তা মনে রাখবেন|
20সব দুঃখ কষ্টের কথা আমার ভালো ভাবেই মনে আছে
এবং আমি খুবই বিষন্ন|
21কিন্তু ঠিক তক্ষুনি, আমি অন্য কিছু ভাবি|
যখন আমি এরকম করে ভাবি, আমি কিছু আশা দেখতে পাই এবং আমার ভাবনাগুলি হল এইরকম:
22প্রভুর করুণা ও ভালোবাসা অসীম|
তাঁর দয়ার কোন শেষ নেই|
23প্রতিটি প্রভাতে নতুন নতুন ভাবে আপনি এটা প্রদর্শন করেন!
আপনি খুব নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত!
24আমি মনে মনে বললাম, “আমি যা চাই তা হল, প্রভু|
তাঁর ওপর আমার আস্থা আছে|”
25যে সব লোকরা প্রভুর জন্য অপেক্ষা করে, প্রভু তাদের প্রতি সদয় হন|
প্রভুর কাছে যারা সাহায্য চায় তাদের প্রতি প্রভু সদয়|
26নিজেকে রক্ষা করবার সব চেয়ে ভাল উপায় হল
শান্ত ভাবে প্রভুর অপেক্ষায় থাকা|
27কোন ব্যক্তির পক্ষে ছোট বেলা থেকেই
যোয়াল বহন করা ভালো|
28প্রভু যখন তাঁর যোয়াল বা বাঁক কোন ব্যক্তির ওপর রাখেন
তখন শান্ত ভাবে একাকী তার বসে থাকা উচিত|
29উদ্ধার পাবার আশায়
তাকে তার মুখ আভূমি নত করতে হবে|
30ওই লোকটির গাল বাড়িয়ে চড় খাওয়া উচিত|
ওই ব্যক্তির উচিত অন্যদের তাকে অপমান করতে দেওয়া|
31ওই ব্যক্তির মনে রাখা উচিত
যে প্রভু কাউকেই চির কালের জন্য পরিত্যাগ করেন না|
32প্রভু যখন শাস্তি দেন তখন তিনি ক্ষমাও করেন|
এই ক্ষমা তাঁর গভীরে ভালবাসা আর করুণা থেকেই আসে|
33প্রভু কাউকে শাস্তি দিতে চান না|
লোকরা অশান্তিতে থাকুক এটাও তিনি চান না|
34প্রভু এইগুলি পছন্দ করেন না: তিনি দেশের সব বন্দীদের তাঁর পায়ের তলায় পিষে ফেলতে চান না|
তিনি কাউকে পেষণ করতে চান না|
35একজন অন্যের প্রতি অন্যায় করুক এটা তিনি কখনও চান না|
কিন্তু কিছু মানুষ সব সময়ই পরাৎপরের সামনে এরকম কাজ করে|
36একজন ব্যক্তি আর একজনকে আদালতে প্রতারণা করুক
এটা প্রভু একেবারে পছন্দ করেন না|
37কোন লোকেরই কিছু বলা এবং সেটা ঘটানো উচিত নয়
যতক্ষণ না প্রভু তা ঘটানোর আদেশ দেন|
38পরাৎপর ভালো ও মন্দ
দুইই ঘটাতে আজ্ঞা দেন|
39যখন কাউকে পাপের জন্য প্রভু শাস্তি দেন,
তখন সে জীবিত অবস্থায় অভিযোগ জানাতে পারে না|
40এসো, আমরা কি করেছি তা সতর্কভাবে পরীক্ষা করি|
তারপর আমরা প্রভুতে আশ্রয় নেব|
41স্বর্গের ঈশ্বরের প্রতি হৃদয়
এবং আমাদের হাত উৎতোলন করা উচিৎ|
42এসো তাঁর উদ্দেশ্যে বলি, “আমরা পাপ করেছি এবং আমরা অবাধ্য হয়েছিলাম|
আপনি আমাদের ক্ষমা করেননি|”
43আপনি আমাদের রোধ দিয়ে মুড়ে দিয়েছেন এবং আমাদের তাড়িয়ে দিয়েছেন|
কোন রকম ক্ষমা না করেই হত্যা করেছেন!
44মেঘের আচরণে আপনি নিজেকে ঢেকেছেন|
এর কারণ, যাতে কোন প্রার্থনাই মেঘের মধ্যে দিয়ে যেতে না পারে|
45অন্য জাতিদের কাছে আপনি আমাদের
আবর্জনা ও ময়লার মতো সৃষ্টি করেছেন|
46আমাদের সমস্ত শত্রুরা
আমাদের ঠাট্টা করেছে|
47আমরা ভয় পেয়েছি|
গভীর গর্তে পড়ে আমরা দারুণ আঘাত পেয়েছি|
আমাদের সব কিছু ভেঙ্গেছে|
48আমার চোখ বেয়ে জলের স্রোত নেমেছে!
আমি আমার লোকদের ধ্বংসের জন্য কেঁদেছি!
49যতক্ষণ পর্যন্ত না
প্রভু স্বর্গ থেকে নীচে দেখেন
50ততক্ষণ অবিশ্রান্ত ভাবে
আমার চোখের জল বয়ে যাবে!
51আমার দুটি চোখ আমায় বিমর্ষ করে তোলে
যখন আমি আমার শহরের ছোট ছোট মেয়েদের দুর্দশা দেখি|
52ওই মানুষগুলো অকারণে আমার শত্রু|
আমার শত্রুরা আমাকে বিনা কারণে পাখির মতো শিকার করেছে|
53তারা আমায় গভীর গর্তে নিক্ষেপ করেছে|
আমি জীবিত আছি জেনেও আমার দিকে পাথর ছুঁড়ছে|
54জল আমার মাথা ছাপিয়ে গেল|
আমি মনে মনে বললাম, “আমি শেষ|”
55প্রভু, আমি গর্তের তলা থেকে আপনাকে ডেকেছি|
আপনার নাম ধরে চিৎকার করে ডেকেছি|
56আমার কণ্ঠস্বর শুনুন|
আপনার কান বন্ধ করে রাখবেন না|
আমাকে উদ্ধার করতে অস্বীকার করবেন না|
57আমি যখন আপনার কাছে মিনতি করব তখন আমার কাছে আসবেন!
আমাকে বলবেন, “ভয় পেও না|”
58প্রভু আমার আবেদনটা বিচার করুন|
আমাকে আমার জীবন ফিরিয়ে দিন|
59প্রভু, আমার দুর্দশা দেখুন|
আমায় ন্যায় পেতে সাহায্য করুন|
60আমার শত্রুরা কি ভাবে
আমাকে আঘাত করেছে তা দেখুন|
আমার বিরুদ্ধে ওদের সমস্ত শয়তানি
পরিকল্পনাগুলি সম্পর্কে আপনি অবহিত|
61প্রভু, ওরা কি ভাবে আমাকে অপমান করেছে তা শুনুন|
আমার বিরুদ্ধে ওদের সমস্ত শয়তানি পরিকল্পনার কথা শুনুন|
62শত্রুদের কথা এবং তাদের সমস্ত পরিকল্পনা
সব সময়ই আমার বিরুদ্ধে|
63যখন ওরা বসে কিংবা দাঁড়ায় তখনও আমায় নিয়ে
ওরা কি ভাবে মজা করে তাও দেখুন, প্রভু!
64প্রভু, ওরা যা করেছে তার জন্য
ওদের প্রাপ্য শাস্তি দিন!
65ওদের হৃদয়কে অনমনীয় করে দিন!
তারপর আপনার অভিশাপ ওদের উপর বর্ষণ করুন!
66রোধ তাদের তাড়া করুন!
আপনার আকাশের নীচে তাদের ধ্বংস করুন প্রভু!